সংলাপ রিপোর্ট
পুলিশের বিশেষায়িত সংস্থা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরে গিয়ে তিনি নতুন পদের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন প্রধানকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
সিআইডির মিডিয়া বিভাগ থেকে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। সিআইডিতে যোগ দেওয়ার পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইয়ে দায়িত্ব পালনকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ পর্যায় থেকে শুরু করে পুলিশের নীতিনির্ধারণী ও বিশেষায়িত বিভিন্ন ইউনিটে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং সারদা পুলিশ একাডেমিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। পূর্ব পর্বেও তিনি সিআইডির সদর দপ্তরসহ চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘সিটি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অপরাধ তদন্ত, ফরেনসিক সায়েন্স এবং আধুনিক পুলিশিং বিষয়ক একাধিক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।



