পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুন্নাহার লিজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, হারুন অর রশিদ, ঝিনায়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাজিব আহম্মেদ, হুসাইনিয়া ফাজিল মাদরাসার প্রতিনিধি মুসাহিদ আকন্দ ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাব্যবস্থার মান নির্ধারণে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।



