সংলাপ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য, কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা নয়। শনিবার বিকেলে মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের’ উদ্যোগে হিন্দু প্রতিনিধিদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রাখেন। তাকে মিলনায়তনে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলু ধ্বনি দিয়ে স্বাগত জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। তিনি জোর দিয়ে বলেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ না করে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে ‘নোট ডিসেন্ট’ দিয়েছে এবং এটিকে বিএনপি ‘ডিসেন্ট ওয়ে’ বলে মনে করে।
সম্মেলনে কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার-আমার-আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার পরিস্থিতি তৈরি করছে। তিনি সতর্ক করেন যে দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। তারেক রহমান আরও বলেন, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তোলনের পথকে বাধাগ্রস্ত করছে কিনা, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানান।



