সংলাপ প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ মাসুদ রানা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মারামারির একটি মামলার আসামি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি গ্রেপ্তার হন। পরে রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে থানাহাজত থেকে ছিনিয়ে নিয়ে যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হলো। তাঁর কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘আজ সন্ধ্যায় তরিকুল ইসলামের বহিষ্কারাদেশ আমরা পেয়েছি। আদেশ মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



