সংলাপ ডেস্ক
জ্যেষ্ঠ নেতাদের একাংশের বিদ্রোহে ভাঙনের কিনারে পৌঁছে যাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবার পাল্টা ব্যবস্থা নিলেন।
মুজিবুল হক চুন্নুকে পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে সেই পদে তিনি বসালেন নিজের আস্থাভাজন প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে।
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। চেয়ারম্যানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে ২০২২ সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের।
সেই পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের কোনো ধরনের কারণ দর্শনোর নোটিস ছাড়াই যে কাউকে পদ বা দল থেকে অব্যাহতি বা বহিষ্কার করার ক্ষমতা দেওয়া হয়েছে চেয়ারম্যানকে, যা নিয়ে জ্যেষ্ঠ ও পুরনো নেতাদের একাংশের ক্ষোভ আছে। তাদের ভাষায় গঠনতন্ত্রের ওই ধারা পার্টির চেয়ারম্যানকে ‘স্বৈরাচারী’ করে তুলেছে।



