সংলাপ প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর এ তথ্য জানিয়েছে।
গুলিবিদ্ধ হাদিকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি সহ উপদেষ্টা ও চিকিৎসকদের মধ্যে জরুরি কনফারেন্স কলের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাদি। রোববার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থার খুব বেশি উন্নতি হয়নি।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, দুদিন ধরে হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
এরপর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাইয়ের সঙ্গে আলোচনার পর তাকে সিঙ্গাপুরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে রাত ১০টার দিকে জানানো হয়, “ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
এর আগে রাত সাড়ে ৮টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইনকিলাব মঞ্চের সদস্য ও পরিবার ধার করে আধা কোটি টাকায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে এবং তারা সরকারের কোনো সহায়তা এখনো নেননি।
কনফারেন্স কলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। দপ্তর সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়ে
জুলাই আন্দোলনের একজন সোচ্চার নেতা হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদে প্রচারণার কাজ শেষে অটোরিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।



