সংলাপ প্রতিবেদক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের সাংবাদিকতা বা আইন পেশাসহ অন্য কোনো লাভজনক পদে নিয়োজিত হওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত বছরের ৭ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর ১১.১৭ (ক) ও (খ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ জমির উদ্দিন সরকার। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ শহিদউল্লাহ ও মিজান-উর রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফুল আলম।
রিট আবেদনকারীপক্ষের আইনজীবী মোহাম্মদ শহিদউল্লাহ জানান, নীতিমালার ওই দুটি বিধানের মাধ্যমে শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হওয়ার অধিকার খর্ব করা হয়েছে। আদালত শুনানি শেষে বিষয়টি খতিয়ে দেখতে রুল জারি করেছেন।
বিতর্কিত বিধানগুলোতে যা আছে: নীতিমালার ১১.১৭ (ক) ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক পদ, চাকরি বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালার ১১.১৭ (খ) উপধারায় ‘আর্থিক লাভজনক পদ’-এর সংজ্ঞায় বলা হয়েছে, সরকারি বেতন-ভাতা ছাড়াও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করা এবং বিশেষ করে সাংবাদিকতা বা আইন পেশার বিনিময়ে বেতন বা সম্মানী গ্রহণ করাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মুহাম্মদ মাসুদ হাসানসহ ১০ জন এমপিওভুক্ত শিক্ষক এই রিটটি দায়ের করেন। বর্তমানে দেশে মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে প্রায় ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এই নীতিমালার ফলে তাদের একটি বড় অংশ যারা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা বা আইন পেশার সাথে যুক্ত, তারা বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন।



