সংলাপ ডেস্ক
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দৃশ্যমান অগ্রগতি না হলে ১২ মার্চ মানবন্ধন ও ১৩ মার্চ থেকে কর্মবিরিতির ঘোষণা দিয়েছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা।
এক জায়গা থেকে সব সেবা দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের মধ্যে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সেই লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতও নিচ্ছে।
এ অবস্থায় নির্বাচন কমিশন-ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে।
এদিন দুপুরে নিজ কক্ষের সামনে অবস্থান করা কর্মকর্তাদের আশ্বস্ত করে সিইসি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এমন কোনো বিষয় আমি শুনিনি। এমন আলাপ আলোচনা হয়েছে, হয়ত নীতিগত বিষয়ে চিন্তা চলছে। কীভাবে এটা করা হতে পারে এ নিয়ে আলোচনা চলছে।”
লিখিতভাবে সরকারের কাছে ইসির অবস্থান জানানো হবে তুলে ধরে তিনি বলেন, “আমাদের যখন মিটিংয়ে ডাকা হলো তখন আমরা জানলাম (সিভিল রেজিস্ট্রেশন উদ্যোগের কথা), অফিসার গেছেন মিটিংয়ে। সরকার হয়ত চিন্তা করছে একটা জায়গা থেকে সার্ভিসটা দেবে। এনআইডি ইসির কাছে আছে, থাকবে-এ বিষয়ে কমিশন সম্পূর্ণ একমত।
“আমাদের মতামত সরকারের কাছে লিখিতভাবে জানাবো। আর্জেন্ট বেসিসে এটা জানানো হবে।”



