বিশেষ প্রতিনিধি ।
নেত্রকোনা জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের বিরুদ্ধে জামায়াত নেতার দায়ের করা মামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা-৫ আসনের রাজনৈতিক অঙ্গন। গত ৫ আগস্টের পর থেকে দেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার এই নতুন ট্রেন্ডকে ‘গভীর চক্রান্ত’ হিসেবে দেখছেন সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।
সূত্র জানায়, নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা মাসুম মোস্তফা কর্তৃক দায়ের করা একটি মামলায় আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। অথচ নির্ভরযোগ্য তথ্যানুযায়ী, ঘটনার দিন তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় অবস্থানরত একজন জনপ্রিয় নেতাকে মফস্বলের কোনো ঘটনায় প্রধান আসামি করা কেবল রাজনৈতিক বিদ্বেষ নয়, বরং তাকে দল থেকে দূরে রাখার সুদূরপ্রসারী নীল নকশা বলে মনে করছেন স্থানীয়রা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। বিএনপির দুঃসময়ে রাজপথে থাকা, বারবার কারানির্যাতন ভোগ করা এবং জেল-জুলুম সহ্য করে দলকে সুসংগঠিত রাখা এই নেতার বিরুদ্ধে এমন মামলাকে মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ।
স্থানীয় ভোটারদের মতে আবু তাহের তালুকদার একজন ‘মজলুম জননেতা’, যাকে বারবার জেল খেটে দলকে টিকিয়ে রাখতে হয়েছে।বিগত নির্বাচনে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে পরিকল্পিতভাবে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছিল।বর্তমান মামলাটি তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বা দল থেকে বহিষ্কার করানোর একটি হীন চক্রান্তের অংশ। এ বিষয়ে পূর্বধলা থানা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।
পূর্বধলার তৃণমূল বিএনপি এবং সাধারণ ভোটারদের দাবি, দলের হাইকমান্ড বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন। তারা মনে করছেন, স্থানীয় কিছু সুবিধাবাদী চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ত্যাগী নেতাকে কোণঠাসা করতে বিরোধী পক্ষের সাথে হাত মিলিয়েছে। যিনি গত ১৫ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়েছেন, যার হাত ধরে পূর্বধলায় বিএনপি আজ শক্তিশালী অবস্থানে, তাকে এভাবে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো মানে দলকে দুর্বল করা।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবু তাহের তালুকদারের মতো পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে যখন নিজ বলয়ের প্রচ্ছন্ন ইন্ধনে মামলা হয়, তখন তা দলের সংহতিকে নষ্ট করে। নেত্রকোনাবাসী এখন তাকিয়ে আছেন দলীয় নেতৃত্বের দিকে—তারা কি এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আবু তাহের তালুকদারের পাশে দাঁড়াবেন, নাকি চক্রান্তকারীদের এজেন্ডা সফল হতে দেবেন?
এ বিষয়ে জানতে চাইলে আবুতাহের তালুকদার বলেন,জামাত এমপির গাড়ি ভাংচুর ঘটনাটি আমি শুনেছি এই ঘটনায় আমাকে আসামি করা এবং জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা সব কিছুর পিছনে একটি গভীর ষড়যন্ত্র ছিল বলে আমার ধারনা।



