প্রধানমন্ত্রী তোবগে ও প্রধান উপদেষ্টা ইউনূসের ফলপ্রসূ বৈঠক
বিশেষ প্রতিনিধি ঢাকা, ২২ নভেম্বর,
দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও ভুটান ঐকমত্য পোষণ করেছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে শনিবার ঢাকায় তেজগাঁওয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভুটানকে ‘বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে অভিহিত করেন এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভুটানকে ঢাকার দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশকে ভুটানের ‘আধ্যাত্মিক ঐতিহ্যের’ উৎস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ‘উষ্ণ ও চমৎকার’ সম্পর্ক বিদ্যমান
দুই নেতা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, স্বাস্থ্যসেবা, পরিবহন, পরিবেশ এবং বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সব ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেন।
উভয়পক্ষ একটি দ্বিপাক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে। ২০২০ সালে সই হওয়া প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ)-এর পথ ধরে প্রধানমন্ত্রী তোবগে দ্রুততম সময়ে এফটিএ সই করার আগ্রহ প্রকাশ করেন এবং ভুটানকে বাংলাদেশের সঙ্গে এফটিএ সই করা প্রথম দেশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পণ্য পরিবহন সহজ করতে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি ভুটানের কনটেইনার দ্রুত ছাড়পত্র দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
দুই নেতার আলোচনায় ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যেখানে ভারতকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে।
আনুষ্ঠানিক আলোচনার পর ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এই চুক্তির আওতায় ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করবে, যা ভুটানের ডিজিটাল সংযোগকে আরও শক্তিশালী করবে।
বৈঠকে স্বাস্থ্যসেবায় সহযোগিতা নিয়ে আরেকটি এমওইউ সই হয়। প্রধান উপদেষ্টা ভুটানের নাগরিকদের নীলফামারীতে নির্মাণাধীন ১০০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসা ও শিক্ষাসেবা গ্রহণের আমন্ত্রণ জানান।
এছাড়াও, বাংলাদেশ ভুটানের শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বুয়েটে আসন বরাদ্দের ঘোষণা দিয়েছে।
দুই দেশ দ্বিমুখী পর্যটন বৃদ্ধিতে একটি যৌথ কর্মদল গঠনে সম্মত হয়। বাংলার বৌদ্ধ সন্ন্যাসীদের অবদান স্মরণ করে মুহাম্মদ ইউনূস আশা করেন, আরও বেশি ভুটানের পর্যটক বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য আবিষ্কারে আগ্রহী হবেন।
প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানের নেতৃত্ব ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ ‘বড় উদ্দেশ্য পূরণে সক্ষম হয়েছে’ এবং এই পরিবর্তনপর্বে ‘শান্তি ও স্থিতিশীলতা’ নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেন, সব প্রতিবেশীর সঙ্গে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্মাণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তোবগের এই সফর অভিন্ন ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর হবে।
বৈঠকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



