বিশেষ প্রতিনিধি।
দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অতীতে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানটির শীর্ষ পদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে শিরোনাম হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বা আইনি জটিলতা যেন এই চেয়ারটির অলিখিত ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই ধারায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বর্তমান চিত্র। পেট্রোবাংলার বর্তমান চেয়ারম্যান এরফানুল হক তার সততা, নিষ্ঠা এবং সাদামাটা জীবনযাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে এক ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি করেছেন।
গত ৪ এপ্রিল পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে এই প্রতিবেদকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ হয় চেয়ারম্যান এরফানুল হকের। প্রথম দেখায় যে কেউ তাকে দেখে অবাক হতে বাধ্য। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উচ্চপদে আসীন হয়েও তার মাঝে নেই কোনো কৃত্রিম আভিজাত্য বা দম্ভ। তিনি আগাগোড়াই একজন নিরহংকারী ও সদা হাস্যোজ্জ্বল মানুষ।
এরফানুল হকের কর্মজীবনের পূর্বতন অভিজ্ঞতাও বেশ উজ্জ্বল। যখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড ডেপুটেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখনও দেশের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে নিজেকে সব ধরণের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে প্রশাসনকে দিয়েছেন নিরব সেবা। তার সেই সেবার মানসিকতা এখন প্রতিফলিত হচ্ছে পেট্রোবাংলার কার্যক্রমে।
সাক্ষাৎকালে যখন তার বিভিন্ন সফলতার প্রসঙ্গ তোলা হয়, তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেগুলোকে ছাপিয়ে নিজেকে একজন অতি সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্যক্তিগত প্রশংসার চেয়ে দেশ ও জনসেবাকেই তিনি বড় করে দেখছেন। প্রচারবিমুখ এই নিভৃতচারী মানুষটির বিনয়ী আচরণ যে কাউকেই মুগ্ধ করবে।
পেট্রোবাংলার মতো সংবেদনশীল ও চ্যালেঞ্জিং একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে এরফানুল হকের স্বচ্ছ ভাবমূর্তি এখন পুরো জ্বালানি খাতের জন্য এক বড় সম্পদ। অনিয়ম আর দুর্নীতির যে ছায়া একসময় এই প্রতিষ্ঠানটিকে ঘিরে ধরেছিল, তার পরিবর্তে এখন সেখানে সততা আর দায়িত্বশীলতার চর্চা শুরু হয়েছে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করা এই মানুষটি প্রমাণ করেছেন—ক্ষমতা আর দায়িত্ব মানেই বিলাসিতা নয়, বরং জনগণের আমানত রক্ষা করা।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সংকটকালীন সময়ে পেট্রোবাংলাকে সঠিক পথে এগিয়ে নিতে এরফানুল হকের মতো একজন দক্ষ ও নীতিবান কর্মকর্তার বিকল্প নেই। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে তিনি আগামীতে পেট্রোবাংলাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন—সংশ্লিষ্ট মহলে এখন এমনটাই প্রত্যাশা।



