কিশোরগঞ্জ প্রতিনিধি : টাকার জন্য বন্ধুদের নিয়ে নিজের বাবাকে গলাকেটে হত্যা করল ছেলে। হত্যার সময় ধান ক্ষেতে বাবার মাথা চেপে ধরে ছেলে সোহেল। গত ১৯ অক্টোবর রাতে কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘঠে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সোহেল তার জবানবন্দিতে বাবাকে গলাকেটে হত্যার কথা সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। নিহত নিবু মিয়া (৬৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলী মুন্সির ছেলে। ঘটনার সঙ্গে জড়িত আটককৃত আসামিরা হলেন নিহত নিবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪), তার বন্ধু বাবুল মিয়া (৩২), নজরুল ইসলাম (৪৫) ও সুমন মিয়া (২৬)।
পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার তেলিবাড়ী হাওরের ধান ক্ষেত থেকে নিবু মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনার নিহতের অপর ছেলে আব্দুর রহমান হৃদয় (২৮) বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলা দায়েরের পর পুলিশের একটি দল প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর বাজার এলাকা থেকে হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি মো: বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।আসামি নিজেই স্বীকারোক্তি দেয় নিহতের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা খুনিরা ভাগবাটোয়ারা করে নেয়। আসামি বাবুল মিয়ার তথ্যের ভিত্তিতে জড়িত নিহতের ছোট ছেলে সোহেল মিয়াসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, এক বছর আগে নিহত নিবু মিয়া তার জমি বিক্রি ২১ লাখ টাকায়। সে টাকা থেকে ছয় লাখ টাকা দিয়ে তার ছোট ছেলে সোহেল মিয়াকে বিদেশে পাঠায়। কিন্তু সোহেল বিদেশে থাকতে পারেনি। দেশে চলে এলে পারিবারিক ভাবে বিয়ে করেন তিনি। সংসার চালাতে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পুরাতন অটোরিকশা কিনেন সোহেল। কিন্তু সোহেল তার বাবার কাছে জমি বিক্রির আরও যে টাকা ছিল তা তাকে দিতে বলে। এ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। নিহত নিবু মিয়া টাকাগুলো তার সঙ্গে রাখতেন।
পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ঘটনার দিন টাকা নেওয়ার জন্য সোহেল তার বন্ধুদের নিয়ে নিবু মিয়াকে গলাকেটে হত্যা করে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আটক বাবুল মিয়াকে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, এবং টাকার জন্য নিহত নিবু মিয়ার ছেলে সোহেল মিয়া তাদের নিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে জানান বাবুল।



