সংলাপ রিপোর্ট
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জননন্দিত নেতা আলহাজ্ব মো. লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ফিরে তাঁর এই অভূতপূর্ব বিজয় কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং এটি হাওর অঞ্চলের মানুষের ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি। এই বিশাল ব্যবধানে জয় প্রমাণ করে যে, দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে রাখা হলেও নেত্রকোনার মাটি ও মানুষের হৃদয় থেকে তাঁর নাম মুছে যায়নি।এলাকাবাসীর মতে, লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তখন নেত্রকোনা তথা হাওর অঞ্চলে যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল, তা আজও দৃশ্যমান। অসংখ্য মানুষের কর্মসংস্থান, রাস্তাঘাট নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। খালিয়াজুরীর এক সাধারণ ভোটার বলেন, “বাবর ভাই আমাদের হাওরের মানুষের দুঃখ বোঝেন। তিনি আমাদের প্রাণের নেতা।”
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নেত্রকোনার প্রতিটি অলিগলি এবং চায়ের দোকানে এখন একটাই আলোচনা—লুৎফুজ্জামান বাবরকে আবারও মন্ত্রিসভায় দেখতে চায় হাওরবাসী। এলাকাবাসীর দাবি, নেত্রকোনার অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করতে এবং অবহেলিত হাওর অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাঁর মতো একজন অভিজ্ঞ ও দক্ষ নেতার মন্ত্রিসভায় থাকা একান্ত প্রয়োজন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, বাবর কেবল একজন নেতাই নন, তিনি এই অঞ্চলের মানুষের জন্য একজন অভিভাবক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।
বিপুল ভোটে বিজয়ী হয়ে লুৎফুজ্জামান বাবর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বিজয় জনগণের। আমি দীর্ঘ সময় পর মানুষের কাছে ফিরে এসেছি। আমার বাকি জীবন এই হাওরবাসীর সেবাতেই উৎসর্গ করতে চাই।”
বিশ্লেষকদের মতে, নেত্রকোনায় বিএনপির এই বিশাল সাফল্যের পেছনে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত ইমেজ এবং হাওর অঞ্চলের মানুষের সাথে তাঁর নিবিড় সংযোগ বড় ভূমিকা পালন করেছে। এখন সাধারণ মানুষের প্রত্যাশা, নবগঠিত মন্ত্রিসভায় তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হবে। এ বিষয়ে জেলা বিএনপির বিশিষ্ট নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান,লুৎফুজ্জামান বাবর একজন বড় মাপের বিএনপির নেতা আশাকরি দল তাকে বড় কোন মন্ত্রী হিসেবে দল মূল্যায়ন করবেন সেই প্রতীক্ষার প্রহর গুনছেন নেত্রকোনাবাসী।



