সংলাপ রিপোর্ট
বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক এক বড় রদবদলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন চৌকস পুলিশ কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোঃ আবুল বাশার তালুকদার। গত ৫ মে, ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। তিনি ডিএমপির বর্তমান অতিরিক্ত কমিশনার শামীনুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সিআইডির ডিআইজি হিসেবে কর্মরত থাকাকালীন মোঃ আবুল বাশার তালুকদার অপরাধ দমনে অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং সাইবার অপরাধ দমনে তার সময়োপযোগী পদক্ষেপগুলো পুলিশ বাহিনীতে প্রশংসিত হয়েছে। তার অধীনে সিআইডির তদন্ত প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ফরেনসিক সক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সহকর্মীদের কাছে তিনি একজন কর্মঠ, নিষ্ঠাবান এবং মানবিক মূল্যবোধসম্পন্ন কর্মকর্তা হিসেবে পরিচিত। মাঠ পর্যায়ের অপরাধ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দাপ্তরিক ব্যবস্থাপনায় তার দক্ষতা পুলিশের পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান আবুল বাশার তালুকদারের এই সফলতায় তাকে শুভেচ্ছা জানান দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল।
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। অভিজ্ঞ এই কর্মকর্তার ডিএমপিতে আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সিআইডিতে তদন্ত বিভাগে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য যে, একই প্রজ্ঞাপনে ডিএমপির বিদায়ী অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এই রদবদল পুলিশ বাহিনীর গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যেই করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে মোঃ আবুল বাশার তালুকদার তার মেধা ও সাহসিকতা দিয়ে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ নাগরিক ও পুলিশ প্রশাসনের।



