সংলাপ প্রতিবেদক
আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “আমি বছরের সেরা উদ্যোক্তা নির্বাচনেরও আহ্বান জানাচ্ছি, যাতে সবাই জানতে পারে পণ্যের উদ্যোক্তা কে।”
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার পূর্বাচলে এ মেলার ২৯তম আসরের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ নিয়ে চতুর্থবার বাণিজ্য মেলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনায় পণ্য খাতকে যথাক্রমে ‘সর্বোচ্চ অগ্রাধিকার খাত’ ও ‘বিশেষ অগ্রাধিকার খাত’ হিসেবে ঘোষণা করা হয়।
“এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর একটি পণ্য খাতকে ‘বর্ষপণ্য’ বা ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার ‘ফার্নিচার পণ্য’কে ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “দেশে উৎপাদিত পণ্য-সামগ্রীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ও রপ্তানিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সংস্থা নতুন নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্তকরণ, পণ্যের বাজার সম্প্রসারণ এবং পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্রতি বছর এ মেলার আয়োজন করছে।
“এ ধরনের বিপণন প্রসারমূলক কার্যক্রমের ফলে ইতোমধ্যে আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে। বেকারত্ব কমানো, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং দারিদ্র্য কমিয়ে আনার মাধ্যমে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে বিশেষ ভূমিকা রাখছে।”
সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার কথা তুলে ধরে ইউনূস বলেন, “রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে।”



