দৈনিক সংলাপ | নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই পাচারকারী ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে টেকনাফ উপজেলার জিম্বংখালী সীমান্তে এ অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। জিম্বংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় পাচারকারীরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ দুটি উদ্ধার করেন। ব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি।
পলাতক পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেছে বিজিবি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।



