নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরে লোন বা ঋণ দেওয়ার নামে এক গ্রাহকের কাছ থেকে সেলারী সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্ল্যাংক চেকসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে। মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থিত ‘পল্লী মঙ্গল কর্মসূচী’ (পিএমকে) ব্রাঞ্চের কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহক মামুনুর রহমান (৪৮) গত ৫ মে ২০২৬ তারিখে রাজধানীর পল্লবী থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী সেকশন-১১-এর বাসিন্দা মামুনুর রহমানের জরুরি প্রয়োজনে ৬ লক্ষ টাকা লোনের দরকার হলে তিনি পিএমকে মিরপুর-১২ ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত ৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পিএমকে কার্যালয়ে ভুক্তভোগীকে ডাকা হয়। সেখানে ব্রাঞ্চ ম্যানেজার সোহেল, ফিল্ড অফিসার জুবায়ের এবং সহকারী পরিচালক স্বপন দেবনাথসহ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে লোন প্রসেসিংয়ের নামে মামুনুর রহমানের কাছ থেকে তাঁর আসল সেলারী সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং জামিনদার হিসেবে তাঁর বোনের একটি ‘ব্ল্যাংক ব্যাংক চেক’ (স্বাক্ষরিত খালি চেক) জমা নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে বিভিন্ন অযুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ২২ মার্চ সংস্থার সহকারী পরিচালক স্বপন দেবনাথ আগামী ৫ এপ্রিলের মধ্যে লোন উত্তোলনের চূড়ান্ত চেক দেওয়া হবে বলে আশ্বস্ত করলেও কাজের কাজ কিছুই হয়নি। লোন না দিয়ে দিনের পর দিন ভুক্তভোগীকে ঘোরানো হতে থাকে।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোন না পেয়ে মামুনুর রহমান তাঁর জমা দেওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিকিউরিটি ব্ল্যাংক চেক ফেরত চাইলে পিএমকে-এর ওই কর্মকর্তারা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন তালবাহানা শুরু করেন।এ বিষয়ে সংস্থাটির সহকারী পরিচালকের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন লোন দেওয়া না দেওয়ার তার ব্যাপার উল্টো সংবাদকর্মীকে মিথ্যা তথ্যদিয়ে হেনস্থার চেষ্টা করেন। বিষযটি নিয়ে ওসি পল্লবীর সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ গ্রহন করা হয়েছে আইনী পক্রিয়া চলমান।
ভুক্তভোগী মামুনুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার সেলারী সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং আমার বোনের ব্ল্যাংক চেক যেভাবে তারা আটকে রেখেছে, তাতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এই অতি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক ব্যবহার করে তারা বড় ধরণের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা জালিয়াতি ঘটিয়ে আমাকে আইনি ঝামেলায় ফেলতে পারে।”
এই ঘটনার পর ভুক্তভোগী গ্রাহক নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারকদের হাত থেকে নথিপত্র উদ্ধারের জন্য পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।অভিযোগ সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা এসআই লিয়াকত হোসেন বলেন আসামীদের থানায় ডাকা হয়েছিল এবং বাদী বিবাদী নিয়ে কথা হয়েছে বাকীটা বাদীর উপর নির্ভর মামলা তদন্তনাধীন রয়েছে। বাদী মামুনুর রহমান জানান,এসআই লিয়াকত সাহেবের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি তার বিষয়টি বুঝতে পেরেছেন সেই সাথে তিনি প্রতিবেদকের মাধ্যমে পল্লী মঙ্গল ফাউন্ডেশন দৃষ্টি কামনা করেন এবং এ ধরনের অসাধু কর্মকর্তাদের চাকুরিচ্যুত করার আহবান জানান।



