নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
নেত্রকোণায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে চার আসামিকে ছিনিয়ে নেওয়ার এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এই নাটকীয় ঘটনা ঘটে। তবে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ তিন নারী মাদক কারবারিকে আটকসহ মোট এক হাজার পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় নেত্রকোণা মডেল থানার একটি বিশেষ দল রাজেন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে ৬০০ পিস ইয়াবাসহ আল আমিন (৩২), মো. রাসেল (২৮), মো. বাবুল মিয়া (৪৮) ও মো. মুবিন (২৮) নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আসামিদের গ্রেপ্তারের পরপরই তাদের স্বজন ও সহযোগীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আকস্মিক এই হামলার মুখে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা চার আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫) নামের তিন নারীকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, ২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও পুলিশ হামলা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ও পলাতক আসামিরা সবাই একই পরিবারের সদস্য। তারা দীর্ঘদিন ধরে নেত্রকোণাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে একটি সুসংগঠিত সিন্ডিকেট হিসেবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মূলত পারিবারিক নেটওয়ার্ক ব্যবহার করেই তারা এই ‘মাদক সাম্রাজ্য’ গড়ে তুলেছিল।
নেত্রকোণা জেলা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে বর্তমানে এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে রাজেন্দ্রপুর এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



