সংলাপ ডেস্ক
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে পাকিস্তানের তৈরি ‘জেএফ-১৭ (JF-17) থান্ডার’ মাল্টি-রোল যুদ্ধবিমান বিক্রয় এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস বা মহাকাশ গবেষণার অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী প্রধান বাংলাদেশের ক্যাডেটদের প্রাথমিক থেকে উন্নততর উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্সের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে আলোচিত অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘সুপার মুশাক’ প্রশিক্ষণ বিমান। পাকিস্তান বিমানবাহিনী প্রধান বাংলাদেশে এই প্রশিক্ষণ বিমানগুলো দ্রুত সরবরাহ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ২০১৯ সালে ভারতের সাথে আকাশসীমান্তে সামরিক উত্তেজনার সময় জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের পারফরম্যান্স বিশ্ববাজারে এই বিমানের চাহিদা বাড়িয়েছে। পাকিস্তান এখন সেই সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা রপ্তানি ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে দুই দেশের বিমানবাহিনীর এই সরাসরি প্রাতিষ্ঠানিক সমন্বয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে উভয় পক্ষই সরাসরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন।



