জাপান প্রতিবেদক : জাপানের উত্তর-পূর্ব উপকূলে সোমবার রাতে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের জেরে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) উপকূলীয় এলাকায় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে।
সংস্থাটি জানায়, সুনামি সতর্কতা জারি করা হয়েছে মূলত হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক এলাকায়। স্থানীয় প্রশাসন ঐ এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে।
জেএমএ আরও জানিয়েছে, মধ্যরাতের আগে আওমোরির মুৎসু ওগাওয়ারা এবং হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ইতোমধ্যেই ৪০ সেন্টিমিটারের সুনামি দেখা গেছে।
আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার নিচে।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইস্ট জাপান রেলওয়ে এলাকায় কয়েকটি ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি ২০১১ সালের মার্চে আঘাত হানা ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছিল।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সামুদ্রিক ‘রিং অব ফায়ার’ অঞ্চলে দেশটির অবস্থান। বিশ্বজুড়ে ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই এই দেশে ঘটে থাকে।



