দিনাজপুর প্রতিনিধি: পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে দিনাজপুর শহরে জাতীয় পার্টির (জাপা) জেলা কমিটির পূর্বনির্ধারিত কর্মী সম্মেলন। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠান করতে না পেরে শেষ পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি কাটছাঁট করতে বাধ্য হয় দলটি।
শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে নেতাকর্মীরা সমবেত হওয়ার আগেই পুলিশ মিলনায়তনের প্রবেশপথে বাধা সৃষ্টি করে এবং কর্মীদের ‘জোরপূর্বক’ বের করে দেয় বলে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে ‘রাজনৈতিক হুমকি’ থাকায় এবং সমাবেশ আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকায় তারা এই বাধা দিয়েছেন।
মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি
পুলিশের বাধার মুখে পড়া এই কর্মী সম্মেলনে যোগ দিতে এসেছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
পুলিশি বাধার বিষয়ে মহাসচিব শামীম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাতে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।” প্রেস ক্লাবে সম্মেলন করতে না পেরে নেতাকর্মীরা পরে কোতোয়ালি থানার কাছে জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। কেন্দ্রীয় নেতারা সেখানে মাত্র ১৫-২০ মিনিটের জন্য দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশে মহাসচিব শামীম পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন-চার মাস ধরে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে, পরের বার বেশি লোক নিয়ে আসি আমরা।”
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা আইন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই।” তিনি আরও বলেন, “আমরা কাউকে পরোয়া করি না। আমরা রাজনীতি করি, জেল-জুলুমের জন্য প্রস্তুত।“
নির্বাচন নিয়ে কঠোর বার্তা
নির্বাচন প্রসঙ্গে শামীম পাটোয়ারী দাবি করেন, জাতীয় পার্টি ভোট করলে কিছু দলের ভোটের হিসাব থাকবে না, তাই অনেকে তাদের ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন দল এবং “জাতীয় পার্টিকে ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না এবং সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না এবং বার বার গণবিপ্লব হবে।“



