সংলাপ প্রতিবেদক
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।”
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়।
আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতি ভারি বৃষ্টিপাত হিসেবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই আভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘দু-এক’ জায়গার বিষয়েও।
আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।



